কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৮৪
স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৩৪৭ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলায় মোট ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা পুলিশের সব থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মোট ৫৫টি বিশেষ অভিযান চালানো হয়। এসব অভিযানে ১৬ জন মাদক ব্যবসায়ী ও ২৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় আরও ৪২ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে ১ হাজার ৩৪৭ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রমের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলেও জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।