মেঘনা উপজেলার যুবদল আহবায়ক কামরুজ্জামান দিপুর উপর হামলা
বিপ্লব শিকদার, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান দিপুর ওপর হামলার খবর পাওয়া গেছে।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড মাঠে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বনির্ধারিত প্রস্তুতি সভায় এ হামলার ঘটনা ঘটে।
যুবদলের যুগ্ম আহবায়ক হাবিব মিয়াজি ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করে বলেন, “লোকজন এখনো মাঠে আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বিস্তারিত জানানো হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় আহত কামরুজ্জামান দিপুকে উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আতাউর রহমান চেয়ারম্যানের অনুসারীরা এই হামলা চালিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা যুবদলের সিনিয়র এক নেতা এই প্রতিবেদককে বলেন, আতাউর রহমান ভুইয়া উপজেলা যুবদলের আহবায়ক ছিলেন একটা সময় কেন্দ্রীয় নির্দেশনায় আতাউর ভাইকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে দিপু ভাইকে জেলা যুবদল১নং যুগ্ম আহবায়ক থেকে আহবায়ক দায়িত্ব দেন । এর পর থেকেই আতাউর ভাই দিপুকে সহ্য করতে পারেনা।
এ বিষয়ে জানতে চাইলে আতাউর রহমান ভুইয়া বলেন, হামলার বিষয়ে আমার কিছু জানা নেই। তবে গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করেই হয়তো এ ঘটনার সূত্রপাত হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।