,

কুমিল্লার নিমসার থেকে ১৬০০ লিটার চোরাই ডিজেলসহ আটক যুবক

আজকের কুমিল্লা ডট কম :
August 14, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ চোরাই ডিজেল মজুতকারী চক্রের একজন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

১৪ আগস্ট সকালে বুড়িচংয়ের নিমসার বাজার এলাকা থেকে ১৬০০ লিটার চোরাই ডিজেলসহ তাকে আটক করা হয়। এ সময় চোরাই ডিজেল পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মিনি পিকআপ জব্দ করা হয়।

আটককৃত যুবক মোঃ সাইফুল ইসলাম রনি (১৯) কুমিল্লার বুড়িচংয়ের পরিহল পাড়া গ্রামের মোঃ শাহা আলমের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটককৃত যুবক তেল চুরি চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্য। সে কুমিল্লা জেলার বিভিন্ন ডিপো হতে এবং দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করে। সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপের উপর বিশেষ কায়দায় তেলের ড্রাম সেট করে মহাসড়কে চলাচলরত ট্রাক ও কাভার্ড ভ্যানের তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি করে আসছিল।

উক্ত বিষয়ে তার বিরুদ্ধে কুমিল্লার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।