রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ইউপি মেম্বার যুবলীগ নেতা জাবেদকে শালিশে না ডাকায় ভুক্তভোগী নারীকে শ্লীলতাহানির অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩১, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ফ্যাসিস্ট ইউপি মেম্বার মোঃ জাবেদকে শালিশে না ডাকায় নারীকে মারধর করে শ্লীলতাহানির চেষ্টা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইউপি মেম্বার ওই গ্রামের আলী হোসেনের ছেলে ও ফ্যাসিস্ট আ’লীগের সক্রিয় কর্মী। সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক লিটন চাকমা।

থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, গত ফ্যাসিস্ট আ’লীগের সময়ের চিওড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাবেদ টাকা খেয়ে বিচার আচার করেন এবং অসহায় লোকজনের উপর অত্যাচার নির্যাতন করেন ও মহিলাদেরকে মারধর করে। গত ২-৩ মাস পূর্বে নেতড়া গ্রামের হাছিনা আক্তারের ছেলেদের মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে মনমালিন্য সৃষ্টি হয়। তখন তাঁর বড় ছেলে এলাকার প্রতিনিধি হিসেবে ইউপি মেম্বার মোঃ জাবেদকে জানায়।

হাছিনা আক্তার ও তাঁর স্বামী হুমায়ন কবির আত্মীয়-স্বজনকে ছেলেদের বিষয়ে জানিয়ে পারিবারিকভাবে বসে বিষয়টি সমাধান করে। কিন্তু বড় ছেলে ইউপি মেম্বার মোঃ জাবেদকে পারিবারিক বিষয়ে না ডাকলে ক্ষিপ্ত হয়ে উঠে। ইউপি মেম্বার জাবেদ প্রায় সময় উস্কানিমূলক কথাবার্তা বলে তাঁদের ক্ষতি সাধনের সুযোগ খুঁজতে থাকে। এরই মধ্যে গত ২৩ ও ২৭ জুলাই হাছিনার দুই ছেলে প্রবাসে চলে যায়।

বুধবার সকালে হাছিনা আক্তার প্রতিদিনের ন্যায় হাঁটতে বের হলে জাবেদ মেম্বার পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে গালমন্দ করতে থাকে। গালমন্দ করতে নিষেধ করায় জাবেদ উত্তেজিত হয়ে হাছিনা আক্তারের নাকে স্ব-জোরে ঘুষি দিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে দেয়। এছাড়া হাছিনা আক্তারের শ্লীলতাহানির চেষ্টা চালিয়ে গলায় থাকা ১ ভরি ২ আনা ওজনের স্বর্ণের চেইন টেনে নিয়ে যায়। হাছিনা আক্তারের শোর চিৎকার শুনে বাড়ীর লোকজন গিয়ে রক্তাক্ত জখমী অবস্থায় উত্তেজিত ইউপি মেম্বার জাবেদের হাত থেকে প্রাণে রক্ষা করে।

পরে হাছিনা আক্তারকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আইনী ব্যবস্থা না নিতে ইউপি মেম্বার মোঃ জাবেদ হাছিনা আক্তারসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি ধমকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

হাছিনা আক্তারের ভাই মোঃ শহীদুল্লাহ প্রকাশ মাহবুব জানান, ইউপি মেম্বার জাবেদ দীর্ঘদিন ধরে শালিশ বৈঠকের নামে মানুষ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতো। আমার বোনের পরিবার থেকে টাকা না পেয়ে হামলা ও শ্লীলতাহানি করেছে। আমি এর উপযুক্ত বিচার দাবি করছি।

অভিযোগের বিষয়ে ইউপি মেম্বার ইউপি মেম্বার মোঃ জাবেদ বলেন, ‘হঠাৎ টাকা-পয়সা হয়ে যাওয়ায় তারা আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। মারধর ও স্বর্ণের চেইন নেয়ার তথ্য সঠিক নয়’।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন চাকমা বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।