,

ডিএনসিসি’র তিন দিন আগে চালু হওয়া হাসপাতালে ৩০০ রোগী

আজকের কুমিল্লা ডট কম :
April 22, 2021
news-image

ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য তিন দিন আগে চালু হয়েছে ডিএনসিসির করোনা ডেডিকেটেড হাসপাতাল। এই তিন দিনে রোগী ভর্তি হয়েছেন ১২৪ জন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন। এ পর্যন্ত চিকিৎসা সেবা নিয়েছেন মোট ৩০০ জন।

বুধবার (২১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ৮টা থেকে বুধবার (২১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এখানকার চার জন রোগী মারা গেছেন। হাসপাতালটি উদ্বোধনের পর এ মারা গেছেন পর্যন্ত মোট ১৩ জন। যারা মারা যাচ্ছেন, তাদের বেশিরভাগের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া এই হাসপাতালে এখন পর্যন্ত ৩০০ জন করোনা রোগী চিকিৎসা নিয়েছেন।’

পরিচালক আরও বলেন, ‘রাজধানীসহ সারা দেশের করোনা রোগী এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসছেন। আমরা এখনও পর্যন্ত কাউকে ফেরত পাঠাইনি। তবে এভাবে সবরোগী এখানে আসতে শুরু করলে, সেবা দিতে হিমশিম খেতে হবে।’

হাসপাতালে জনবল সংকট আছে উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, ‘একহাজার বেডের হাসপাতালে ২৫০টি বেড নিয়ে যাত্রা শুরু করেছি। পর্যাপ্ত জনবল না পাওয়ায় চিকিৎসা সেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। চলতি মাসের মধ্যেই একহাজার শয্যা চালু করতে চাই। কিন্তু জনবল না পেলে সেটা সম্ভব হবে না।’ তবে আজ আরও কিছু চিকিৎসক এবং নার্স কাজে যোগ দেবেন বলেও তিনি জানান।