দাউদকান্দিতে পারিবারিক কলহে গৃহবধু খুন; বিচারের দাবীতে মানববন্ধন
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
কুমিল্লা দাউদকান্দিতে পারিবারিক কলহের জেরে খুন হওয়া গৃহবধু শামীমা আক্তারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার বেলা সাড়ে ১১টায় হাটচান্দিনা এলাকায় বিক্ষোভ করে বিচারের দাবীতে গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এসে মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে নিহত শামীমার বোন তাছলিমা আক্তার বলেন, প্রায় ছয় মাস আগে পারিবারিক বিরোধের জের ধরে শামীমা আক্তারকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে তার স্বামী ও সহযোগীরা। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে এবং এখনো আইনের আওতায় আসেনি।
প্রশাসন তাদের আটক না করায় বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে বলে সাংবাদিকদের জানান। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুল কুদ্দুস বলেন, গত বছরের ১৯ নভেম্বর হত্যাকান্ডের ঘটনায় সাত জনের নামে মামলা হলে পাঁচজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। শুনেছি কয়েকজন জামিনে এসেছে।