,

দাউদকান্দিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩

আজকের কুমিল্লা ডট কম :
July 28, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে রাতভর পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য, একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি এবং একটি চুরি মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দাউদকান্দি মডেল থানা সূত্রে এ তথ্য জানা যায়।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে থানা পুলিশের পৃথক টিম উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য এবং দাউদকান্দি উপজেলা যুবলীগের পৌর শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি পিএস মো. সানি হাসান (৪০)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

একই রাতে মালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি রমজান (২৯)-কে গ্রেপ্তার করা হয়। পরে পৌরসভা এলাকায় পৃথক অভিযানে চুরি মামলার আসামি মো. রিপন (৩১)-কে আটক করা হয়।

পুলিশ জানান, গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, “অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। আইন অমান্যকারী কিংবা মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”