দাউদকান্দিতে মাদক ও অপরাধকে না বলে লাল কার্ড উঁচিয়ে শিক্ষার্থীদের শপথ
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
লাল কার্ড উঁচিয়ে মাদক ও অপরাধকে না বলে শিক্ষার্থীরা দেশ প্রেমের শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার জামালকান্দি ওসমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সচেতনতামূলক আলোচনা সভা শেষে শিক্ষার্থীর শপথ এ পড়ান দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ সাজেদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকা, স্মার্টফোনের সঠিক ব্যবহার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার শপথ পাঠ করান।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, শিক্ষার্থীদের টিফিনের টাকায় গড়া সংগঠনটির আজ এক হাজার ৯৫১তম সচেতনতামূলক কর্মসূচি শেষ করেছি। গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে মাদকবিরোধী শপথ, সামাজিক সচেতনতা ও দেশপ্রেমমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মু. আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ আশরাফ উদ্দিন নিলয়, সাংগঠনিক সম্পাদক এমএসআই ফরিদ ভূঁইয়া, সংগঠনের সদস্য রেদোয়ান আহমেদ, আব্দুল আহাদ প্রমুখ।