শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

‘ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বিএনপি’

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৩, ২০২৫
news-image

‘ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বিএনপি’

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সাথে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি উত্থাপন করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা সংঘটিত হয়েছে—এটা প্রমাণিত হয়েছে। আমরা চাই, ভারত সরকার তাকে (শেখ হাসিনা) অবিলম্বে বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে এবং তাকে বিচারের আওতায় আনা হোক। শেখ হাসিনার সহযোগিতায় যারা ছিলেন, তাদেরও বিচার করা হবে—এটাই আমাদের প্রত্যাশা।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সাথে আমাদের বৈঠক হয়েছে। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তারা জানতে চেয়েছেন, কবে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সবার আগ্রহ রয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশে গণহত্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমরা এতে সন্তোষ প্রকাশ করছি। ঘটনার সত্যতা প্রকাশ পেয়েছে। আমরা রাজনৈতিক দল হিসেবে যখন এসব ঘটনার কথা বলি, তখন অনেকেই তা বিশ্বাস করতে চান না।’

আয়নাঘর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘শুধু দলীয় কর্মী নয়, দেশের বিভিন্ন মানুষকে গুম করা হয়েছে। তাদের তুলে এনে জঙ্গি নাটক সাজানো হয়েছে।’

নির্বাচনের ‘ডেড লাইন’ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। তবে ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করছে।’

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।