,

মেঘনায় আখন্দ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
September 26, 2017
news-image

 

শাহ ইমরানঃ

কুমিল্লার মেঘনা উপজেলায় প্রবাসী আবদুল মোমেন আখন্দ হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে কুমিল্লার আদালত। সেই সাথে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত সেশন জজ চতুর্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের ইদুল্লাহ, সাইফুল্লাহ, শাহাদাত ও এন্তাজ মিয়া।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৫ সালের ১১ জুলাই রাতে  উপজেলার চন্দনপুর গ্রামের মৃত. আবদুল মজিদ আখন্দের ছেলে প্রবাসী আবদুল মোমেন আখন্দকে তার ঘরের ভেতর ঢুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় মোমেনের বড় ভাই আবদুল মালেক আখন্দ বাদি হয়ে ১৬ জনকে আসামি করে মেঘনা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করা হয়।

মামলার আসামিদের মধ্যে  ইদুল্লাহ, সাইফুল্লাহ, শাহাদাত ও এন্তাজ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। অপর ১২ আসামির মধ্যে ৭ আসামিকে খালাস প্রদান করা হয় এবং মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় পাঁচ আসামি মৃত্যুবরণ করেন।