মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মেঘনায় প্লে-গ্রুপের শিক্ষার্থী শিশু হামিমকে অপহরণ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৯, ২০১৭
news-image

 

এম এইচ বিপ্লব সিকদার,মেঘনা:

স্কুল থেকে বাসায় ফেরার পথে কুমিল্লার মেঘনা উপজেলায় প্লে-গ্রুপের শিক্ষার্থী ছেলে শিশু হামিমকে (৬)  অপহরণ করেছে বোরকা পরিহিত এক মহিলা।

শনিবার (১৯ আগষ্ট) সকাল ৯টার দিকে উপজেলার খিরাচক এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।

শিশু হামিম উপজেলার খিরাচক গ্রামের প্রবাসী মো: কাইয়ূম এর ছেলে। সে মেঘনা মাইলস্টোন কিন্ডারগার্টেন এর প্লে-গ্রুপের  ছাত্র ।

শিশু হামিমের মা আয়েশা বেগম জানান,আমার মেয়ে নাজমা  নার্সারিতে একই স্কুলে পড়ে । স্কুল ছুটি হওয়ার পর প্রতিদিন নাজমা এবং শিশু ছেলে হামিম এক সাথে বাড়িতে আসে । আজ নাজমা একা আসলে তাকে জিজ্ঞাসা করি হামিম কোথায়। সে বলে, হামিমকে বোরকা পরা এক ম্যাডাম নিয়ে গেছে। এ কথা শোনার পরপর আমি স্কুলে যাই । রাস্তায় আমার এক দেবর আমাকে জানাল, হামিম কে তো দেখলাম বোরকা পরা এক মহিলা নৌকা দিয়ে খাল পার হয়ে রিকশা করে সেননগর বাজারের দিকে নিয়ে যাচ্ছে। আমিতো ভাবছি আপনাদের কোন আত্বীয় স্বজন হবে । এ কথা শোনার পর আমি সেননগর বাজারে যাই , খোঁজাখুজি করি কোথাও হামিমকে পাই নি। থানায় গিয়ে পুলিশের কাছে হামিমের ছবি দিয়ে আসছি।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সামসুদ্দিন বলেন, এ বিষয়টি জানার সাথে সাথে  চারদিকে পুলিশের টিম পাঠিয়েছি ।উদ্ধারের চেষ্টা চলছে ।