,

রমজানে খালেদা জিয়ার ‘মুক্তির’ আশায় বিএনপি!

আজকের কুমিল্লা ডট কম :
May 14, 2019
news-image

 

ডেস্ক রিপোর্ট :

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পবিত্র রমজান মাসে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি হবে বলে দেশের প্রতিটি বিবেকবান মানুষ আশা করেছিলেন। কিন্তু বাস্তবে তারা (সরকার) প্রতিহিংসাপরায়ণ মানসিকতা ত্যাগ করতে পারেননি। আদালতকে কুক্ষিগত করে রেখে বেগম জিয়ার জামিনে পদে পদে বাধা দেয়া হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি রিজভী এসব কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, মানুষ আশা করেছিলেন এই পবিত্র রমজানে অন্তত হিংসা-বিদ্বেষ, রাগ-ক্রোধ, লোভ-মোহ, প্রতিহিংসা-জিঘাংসা থেকে আত্মশুদ্ধি লাভ করবে সরকার ও সরকারপ্রধান। জনগণের নেত্রীকে মুক্তি দিয়ে জনগণের মাঝে ফিরে আসতে দেয়া হবে।

‘একজন নিরপরাধ ৭৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দি করে মধ্যরাতের সরকার যে অপরাধ করেছে, তা থেকে নিজেদের শুধরে নেবে তারা। কিন্তু বাস্তবে তারা (সরকার) প্রতিহিংসাপরায়ণ মানসিকতা ত্যাগ করতে পারেননি।’

সরকারকে হুশিয়ার করে রিজভী বলেন, আগুন নিয়ে আর খেলবেন না। এই হিংসার আগুনে একদিন হয়তো আপনাদের নিজেদেরই সর্বনাশ হবে। বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রী, ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে যে ছিনিমিনি খেলছেন এবার সেই ‘ডার্টি গেম’ বন্ধ করুন।

‘জামিনে হস্তক্ষেপ বন্ধ করুন। আদালতের ওপর প্রভাব বিস্তার বন্ধ করুন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার জন্য আদালতের স্বাধীনতাকে কারাগারে বন্দি করবেন না।’

অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আপনাদের বর্বর মতলব জনগণের কাছে ফাঁস হয়ে গেছে। জনগণ আর আপনাদের রেহাই দেবে না। সরকার যদি বারবার দেশনেত্রীর জামিনে বাধা দেয়, তবে রাজপথেই হবে ফয়সালা।

তিনি বলেন, অন্যায়কারী-জুলুমবাজরা কখনও বিজয়ী হতে পারে নাই। এই মধ্যরাতের সরকারও পারবে না। এখন বাংলাদেশের সকল জনগণ একদিকে আর বর্তমান শাসকগোষ্ঠী আরেক দিকে। দিনের শেষে জনগণের বিজয় অবশ্যম্ভাবী।