লাকসামে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল-তাতীদল-জাসাস নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লার লাকসাম উপজেলায় চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল, তাতীদল ও জাসাসের স্থানীয় নেতাসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলি আদালতে লাকসাম উপজেলার বাসিন্দা ও পেশায় সিএনজি চালক আব্দুর রহিম এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে প্রধান আসামি করা হয়েছে লাকসাম উপজেলা যুবদলের সদস্য কামরুজ্জামান সবুজকে। এছাড়া মামলার অন্য আসামিরা হলেন লাকসাম উপজেলা তাতীদলের সভাপতি মোঃ ইউনুস মিয়া এবং জাসাস লাকসাম পৌরসভা শাখার সভাপতি মোঃ আবু বক্কর সুমন।
এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
বাদী আব্দুর রহিম অভিযোগে জানান, অভিযুক্তরা তার কাছে নিয়মিত চাঁদা দাবি করতেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সম্প্রতি হুমকির মাত্রা বাড়ায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হন।
এ বিষয়ে এডভোকেট ইয়াসির আরাফাত রাজীব বলেন এ ধরনের অপরাধের সাথে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দেওয়া উচিত।