শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি আরবে পৌঁছেছেন ৬৮ হাজারের বেশি হজযাত্রী, ১২ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৮, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ থেকে এ বছর হজ পালনের উদ্দেশ্যে ৬৮ হাজার ২৮০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১৭৭টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের দেশটিতে গমন করেছেন। বুধবার (২৮ মে) হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বিমান সংস্থা, বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, ঢাকা হজ অফিস ও সৌদি আরবের সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ মে) রাত ৩টা পর্যন্ত সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৬৩ হাজার ৬৯৭ জন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯২টি ফ্লাইটে ৩৫ হাজার ২৪৬ জন, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৪ হাজার ৩৮৭ জন এবং ফ্লাই নাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এদিকে, হজ পালনরত অবস্থায় এ পর্যন্ত মক্কা ও মদিনায় ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে ছয়জন মক্কায় এবং ছয়জন মদিনায় ইন্তেকাল করেছেন।

গত ২৮ এপ্রিল আশকোনা হজ ক্যাম্পে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন। একই দিন রাত ২টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটটি ৪০০ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা থেকে রওনা দেয়।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে ২৩২টি প্রাক-হজ ফ্লাইট পরিচালিত হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সৌদি এয়ারলাইন্স ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন এবং ফ্লাই নাস এয়ারলাইন্স ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রীকে নিয়ে যাবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজে গমন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন রয়েছেন। প্রাক-হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। হজ সম্পন্ন হওয়ার পর ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।