,

মালিকের পিটুনিতে কুমিল্লার বাস চালক খোরশেদ নিহত

আজকের কুমিল্লা ডট কম :
July 17, 2017
news-image

 

সেলিম সজীবঃ

ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালে বাস মালিকের পিটুনিতে মো. রুহুল আমিন নামে এক বাসচালক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১৬ জুলাই) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি দেবিদ্বার উপজেলার মির্জানগর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

স্থানীয়রা জানান, রুহুল আমিন ঢাকা-কোম্পানিগঞ্জ সড়কের তিশা পরিবহন বাসের চালক। সম্প্রতি ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় তার বাসটি একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ওই বাসটির ৩টি জানালার গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় ওই পরিবহনের পরিচালক এবং ওই বাসের মালিক জামান হোসেন ভূঁইয়া ওরফে খোকন ও তার ম্যানেজার পাত্তি খোকনসহ তাদের লোকজন গত শনিবার সায়েদাবাদ বাস টার্মিনালে বাসের চালক রুহুল আমিনকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এসময় অন্যান্য বাসের চালক ও শ্রমিকরা তাকে উদ্ধার করে কুমিল্লায় পাঠিয়ে দেয়।

শ্রমিক নেতা মনির হোসেন  জানান, রুহুল আমিন গুরুতর আহত অবস্থায় বাড়িতে আসার পর সকালে তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। তিনি এ ঘটনার সাথে জড়িত জামান হোসেন ভূঁইয়া ওরফে খোকন ও তার ম্যানেজার পাত্তি খোকনসহ দায়ীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

এ বিষয়ে তিশা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোবারক হোসেন চেয়ারম্যান  জানান, রুহুল আমিনের মৃত্যুর খবরটি আমরা জেনেছি। ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তদন্তপূর্বক এর সুষ্ঠু বিচার হওয়া দরকার। এ বিষয়ে তিশা পরিবহনের চেয়ারম্যান আক্তার হোসেন ব্রেকিংনিউজকে জানান, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখব।

দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান  জানান, ঘটনাস্থল ঢাকা হলেও দেবিদ্বার হাসপাতাল থেকে মরদেহ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হবে।