,

মা ইলিশ ধরার অপরাধে মতলব উত্তরে ৬ জেলের কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
October 7, 2017
news-image

 

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর  :
মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নৌ-সীমানায় মা ইলিশ ধরায় ৫ জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাতে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন- মতলব উত্তর উপজেলার পশ্চিম লালপুর গ্রামের মৃত. নুর বক্স বেপারীর ছেলে শাহজাহান বেপারী (৫০), মৃত. হযরত আলী প্রধানের ছেলে মজনু (৩৫) ও জয়নাল আবেদনি প্রধানের ছেলে স্বপন প্রধান (২৮)। তাদের ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়া মতলব উত্তর উপজেলার পশ্চিম লালপুর গ্রামের শাহজাহান বেপারীর ছেলে মুছা মিয়া (১৯), চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের উমবাত মন্ডলের ছেলে বিল্লাল হোসেন (৪৫) কে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ সময় জেলেদের কাছ থেকে ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়অ। পরে তা আগুনে পুড়িয়ে ফেলা হয়।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, মা ইলিশ রক্ষার্থে উপজেলা টাস্কফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এ সময় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার আমিরাবাদ থেকে শুরু করে ষাটনল পর্যন্ত এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। ১ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের পদ্মা মেঘনার ৬০ কিলোমিটার এলাকায় মা ইলিশ রক্ষায় জাল ফেলে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়।
মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম আটক ও কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।