,

ফেরি ডুবে ইন্দোনেশিয়ায় ২৯জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 4, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে ফেরি ডুবে অন্তত ২৯জন মারা গেছেন বলে জানা গেছে। ফেরিতে থাকা বাকি যাত্রীদের খোঁজে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করা হয়।

মঙ্গলবার ফেরিডুবির ঘটনাটি ঘটে। এর কয়েক সপ্তাহ আগে, দেশটির তোবা লেকে ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি মানুষ নেওয়া ফেরিডুবি হয়। সে দুর্ঘটনায় প্রায় ২শ’ মানুষের সলিল সমাধি ঘটেছিলো।

দেশটির আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানায়, মঙ্গলবারের ফেরি দুর্ঘটনায় ২৯জনের মৃত্যুর খবরটি নিশ্চিত হওয়া গেছে। এখনও পর্যন্ত ৪১জন নিখোঁজ রয়েছে। এছাড়া, আরও ৬৯জনকে উদ্ধার করা হয়েছে। দেশটির টেলিভিশনে বহু যাত্রীকে লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় পানিতে ভেসে বেড়াতে দেখা গেছে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয় থেকে জানানো হয়, ফেরিটিতে ঠিক কতটি যান উঠেছিলো সেটি জানা যায়নি। ফেরিটি ডুবে যাওয়ার আগে তীরের একেবারেই কাছাকাছি চলে এসেছিলো।