,

প্রধানমন্ত্রী হবেন নির্বাচনকালীন সরকারের প্রধান: ওবায়দুল কাদের

আজকের কুমিল্লা ডট কম :
September 16, 2018
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বক্তব্যের পুনরাবৃত্তি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সেই সরকারের প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৬ সেপ্টেম্বর, রবিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে আইডিইবির ২২তম জাতীয় সম্মেলন ও ৪১তম কাউন্সিল অধিবেশন উপলক্ষে এক আন্তর্জাতিক সেমিনারে ওবায়দুল এ কথা বলেন।

‘চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব পালন করবেন এবং নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা করবে। এর ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নেই।’

আইডিইবির সভাপতি প্রকৌশলী এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমান।

সেমিনারে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ কোনো যুদ্ধবিধ্বস্ত দেশ নয় যে, এ দেশের নির্বাচন জাতিসংঘের অধীনে হতে হবে। বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম দেশ। এ দেশের সংবিধানই নির্বাচন পরিচালনা করবে।’

‘বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত ইরাক, সিরিয়া, আফগানিস্তান, সোমালিয়া ও কঙ্গোর মতো অবস্থায় নেই। তাই আমাদের দেশে জাতিসংঘের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো কারণ নেই।’

জাতীয় নির্বাচনের আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার বিএনপির দাবিকে অবান্তর ও অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আর মাত্র এক-দেড় মাস সময় রয়েছে। এমন সময়ে বিএনপির এ ধরনের দাবি মামার বাড়ির আবদার ছাড়া আর কিছুই নয়।’

‘বিশ্বের অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, আমাদের দেশেও সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে মন্ত্রিসভার সদস্যরা শুধু রুটিন ওয়ার্ক করবে। এ সময় তারা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। জাতীয় সংসদ সদস্যরাও কোনো মর্যাদা ভোগ করবে না। তাই সংসদ ভেঙে দেওয়া আর না দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই।’

জাতীয় নির্বাচনে বিএনপির সেনা মোতায়েনের দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না, তা আমরা কখনো বলিনি। প্রয়োজন হলে সেনা মোতায়েন করা হবে।’

‘সময় ও পরিস্থিতি যদি বলে দেয় সেনা মোতায়েন করা দরকার, নির্বাচন কমিশন (ইসি) চাইলে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

মন্ত্রী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ‘দেশের উন্নয়নের অগ্রসেনানী’ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অনন্য হয়ে থাকবে।

এর আগে ওবায়দুল কাদের ইঞ্জিনিয়ারিং ইনোভেশন এক্সপো-২০১৮ উদ্বোধন করেন। তিনি এ সময় সারা দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও পলিটেকনিক শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তি থাকা স্টলগুলো ঘুরে দেখেন।

এ প্রদর্শনীতে ৫১টি স্টল স্থান পেয়েছে। এটি চলবে ১৭ সেপ্টেম্বর, সোমবার পর্যন্ত।