,

কুমিল্লার হোমনায় ধর্ষণের শিকার ৪র্থ শ্রেনীর ছাত্রী: সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু!

আজকের কুমিল্লা ডট কম :
January 17, 2019
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লার হোমনায় ধর্ষনের শিকার হয়ে ৪র্থ শ্রেণির এক কিশোরী গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিয়ে মৃত্যুবরণ করেছেন ।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) ভোরে উপজেলার আছাদপুর ইউনিয়নের চারকুড়িয়া গ্রামের এ ঘটনা ঘটে ।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার এ ধর্ষিতার প্রসববেদনা উঠার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সিজার অপারেশনে একটি পুত্র সন্তানের জন্ম হয়। পরে বাড়ি আসার পথে সে মারা যায়। তবে সন্তানটি এখনও জীবিত রয়েছে।  বিকালে চারকুড়িয়া কবরস্থানে তাকে দাফন করা হয়। । এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে। ধর্ষকের পরিবার জনরোষের ভয়ে বাড়ি ছেড়ে পলাতক রয়েছে ।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার চারকুড়িয়া গ্রামের মো. তছর মিয়ার ছেলে জাকির হোসেন কর্তৃক একই গ্রামের ৪র্থ শেণির এক কিশোরী ধর্ষণের শিকার হয়ে গর্ভবতি হয় । এ অভিযোগে ধর্ষিতার বাবা বাদি হয়ে ধর্ষক জাকির হোসেনের বিরুদ্ধে হোমনা থানায় ধর্ষণ মামলা করেন । মামলা নং-৯ তারিখ-১৯/৮/২০১৮ইং। পরে এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করেন। বর্তমানে সে জেল হাজতে রয়েছে ।

হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, ঘটনাটি টেলিফোনে জেনেছি হোমনা থানায় মামলা রয়েছে। আসামীও জেলে আছে । তবে মেয়েটির পরিবার কে বলেছি সংশ্লিষ্ট থানায় একটি জিডি করে ময়নাতদন্ত করা। এতে মামলার জন্য সুবিধা হবে ।