,

বিএসফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ২২ দিন পর ফেরত

আজকের কুমিল্লা ডট কম :
November 25, 2019
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হওয়ার ২২ দিন পর এক বাংলাদেশির মরদেহ ফেরত দেয়া হয়েছে। রবিবার রাত পৌনে ১০ টায় বিজিবি-বিএসএফের এক পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ ফেরত দেয়া হয়।

আবদুর রহিম (৫০) নামের নিহত ওই ব্যক্তির বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া ইউনিয়নের বাউলিয়া গ্রামে। তার বাবার নাম আবুল কাসেম।

গরু আনতে গেলে ভারতের হাবাশপুর এলাকার ৬০ নম্বর মেইন পিলারের পাশে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ। মরদেহ ফেরত দেয়ার সময় নিহতের স্বজনরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে তার মরদেহ ফেরত পেতে বিজিবি কয়েক দফায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু এতদিনে কোনো সাড়া পাওয়া যায়নি।

রবিবার মহেশপুর সীমান্তের পলিয়ানপুর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ ফেরত দেয়া হয়।

মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান বলেন, ৩ নভেম্বর রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে নিহত আবদুর রহিম ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ গুলি চালালে তিনি নিহত হন।

অন্য একটি সূত্র জানায়, ভারতের অভ্যন্তরে গরুসহ রহিমকে ধরে ফেলে বিএসএফ। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়।