,

গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারব না-পরিকল্পনামন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
February 18, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

সব ধরনের কৃষিপণ্যের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতের কথা বলতে গিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গরু কচুরিপানা খেতে পারলে আমরা খেতে পারব না কেন?

গতকাল বিকালে ঢাকার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আরডিএফ রিসোর্স ডেভেলপমেন্ট ফোরামের ‘রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের কেন্দ্রীয় রূপান্তর কৃষিতেই হয়েছে। ওখান থেকে অন্যান্য ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে।’ মন্ত্রী বলেন, ‘পোস্ট হারভেস্ট লস্ট (উৎপাদন পরবর্তী খাদ্যের অপচয়) কীভাবে কমানো যায়, এ বিষয়ে গবেষণা করুন। আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই ক্ষোভ প্রকাশ করেন, কেন বেশি গবেষণা হচ্ছে না। গবেষণার জন্য সরকার উন্মুখ হয়ে আছে।’ তিনি বলেন, ‘কচুরিপানা নিয়ে কিছু করা যায় কি-না। কচুরিপানার পাতা খাওয়া যায় না কোনো মতে? গরু তো খায়। গরু খেতে পারলে আমরা খেতে পারব না কেন?’ এ বিষয়ে গবেষণারও তাগিদ দেন মন্ত্রী। অর্থনীতিতে অবদানের জন্য পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম এবং কৃষিতে অবদানের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড. এম এ রহিমকে অনুষ্ঠানে ‘রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ২০১৯’ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া চার শিক্ষার্থীকে স্কলারশিপ দেয় আরডিএফ রিসোর্স ডেভেলপমেন্ট ফোরাম।