,

ইউনাইটেড হাসপাতালে আইসোলেশন ইউনিটে আগুনে পুড়ে ৫ করোনা রোগী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
May 28, 2020
news-image

 

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে আইসোলেশন ইউনিটে আগুনে পুড়ে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ রোগী মারা গেছেন। তারা হাসপাতালে করোনা রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে। এর মধ্যে ৪ জন পুরুষ ও ১জন নারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, করোনা ইউনিট থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা করোনা রোগী ছিলেন।

এর আগে রাত ৯টা ৫৫ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আইসোলেশন ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ইউনাইটেড হাসপাতালের যোগাযোগ ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান ডা. শাগুফা আনোয়ার।

ঘটনার পরপরই ডা. শাগুফা আনোয়ার বলেন, হাসপাতালের মূল ফটকের ভেতরে জরুরি বিভাগের বাইরে আমাদের একটি কোভিড-১৯ আইসোলেশন ইউনিট আছে। সেখানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে রাত ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেন শাগুফা আনোয়ার। তবে রাত ১১টার দিকে ডা. শাগুফা আনোয়ার বলেন, ‘আগুনে হতাহতের ঘটনা ঘটেছে। আমরা এখন বাসা থেকে হাসপাতালের দিকে যাচ্ছি।’

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, পাঁচজন মারা গেছেন। এছাড়া আগুনের ঘটনায় আর কেউ দগ্ধ বা গুরুতর আহত হননি।

এদিকে গুলশান থানার ওসি কামরুজ্জামান পারভেজ জানান, হাসপাতালে এয়ার কন্ডিশনারের বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন মারা গেছেন।

ওসি আরও জানান, মাহবুব নামে একজন আইসিইউতে ছিলেন। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।