,

কুমিল্লায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
August 15, 2020
news-image

 

মাছুম কামালঃ

কুমিল্লায় স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩টি মামলায় প্রায় ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, শুক্রবারে কুমিল্লা মহানগরী, আলেখারচর, জাঙ্গালিয়া ও ক্যান্টনমেন্ট বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

কুমিল্লা জেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে যথাযথভাবে গণপরিবহনে স্বাস্থ্যবিধি প্রতিপালিত হচ্ছে কিনা, পথচারী ও দোকান-পাটে ক্রেতা-বিক্রেতাগণ মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা এবং করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে যানবাহন চলাচলের ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা তদারকি করতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় মাস্ক পরিধান না করাসহ পরিবহণে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১৩টি মামলায় মোট ৪১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার। মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করেন জেলা আনসারের সদস্যবৃন্দ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ অন্যান্য অপরাধ নিবারণে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসক।