,

বিমানবন্দর থেকে ২৫০ কেজি ওজনের ৩য় বোমা উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
December 19, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইট থেকে শনিবার (১৯ ডিসেম্বর) আরও একটি বোমা উদ্ধার হয়েছে। এ নিয়ে একই স্থান থেকে তিনটি বোমা উদ্ধার করা হলো। সব কটি বোমার ওজনই ২৫০ কেজি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ভিত তৈরির সময় আজ সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া যায়। বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা নিষ্ক্রিয়করণ দল আধুনিক যন্ত্রপাতিসহ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে তারা বোমাটি নিষ্ক্রিয় করে। পরে বোমাটি ধ্বংস করার জন্য সতর্কতার সঙ্গে সেটিকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এর আগে যে দুটি বোমা পাওয়া গেছে, সেগুলোর মতো এটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল। এর আগে ৯ ডিসেম্বর ও ১৪ ডিসেম্বর গ্যাস সিলিন্ডারের মতো দেখতে দুটি বোমা উদ্ধার করা হয়েছিল।