,

বিকৃত করে রবীন্দ্র ও নজরুলসংগীত আর গাইবেন না হিরো আলম

আজকের কুমিল্লা ডট কম :
July 27, 2022
news-image

বিনোদন ডেস্কঃ

অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরবেন না এবং বিকৃত করে রবীন্দ্র ও নজরুলসংগীত গাইবেন না বলে জানিয়েছেন বাংলাদেশে আলোচিত আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম।

কয়েকজনের অভিযোগের ভিত্তিতে হিরো আলমকে জিজ্ঞাবাসাদ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ বিষয়ে ডিবিকে মুচলেকা দিয়েছেন হিরো আলম।

ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ডাকে আজ বুধবার সকালে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে উপস্থিত হন হিরো আলম। সেখানে তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-অর-রশিদ।

মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, হিরো আলমের বিরুদ্ধে ডিবি সাইবার ক্রাইম বিভাগের কাছে অজস্র অভিযোগ। এই পরিপ্রেক্ষিতে আজ তাকে ডাকা হয়।

মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, ‘হিরো আলমের কথা আর কী বলব! পুলিশের যে পোশাক, যে ধরন, ডিআইজি–এসপির যে পোশাক, তা না পরে কনস্টেবলের পোশাক পরে ডিআইজি, এসপির অভিনয় করছে।’

ডিএমপির কমিশনার শিল্পী সমিতিতে বলেছেন, পুলিশের পোশাক পরে অভিনয় করতে হলে অনুমতি নিতে হবে। হিরো আলম শিল্পী সমিতির সদস্যও নন। অথচ তিনি অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরছেন। কনস্টেবলের ড্রেস পরে এসপি–ডিআইজির অভিনয় করছেন। এটা তিনি জানেনও না।

হিরো আলমের গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।