,

দাউদকান্দিতে তিশা পরিবহনের বাস চাপায় নিহত ২

আজকের কুমিল্লা ডট কম :
March 24, 2023
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে বাস চাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় শিশুসহ আরও ২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দাউদকান্দির রায়পুর দিঘীরপাড় এলাকায় কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন মহিলা মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন পুরুষ যাত্রী মারা যায়।

মারাত্মক আহতরা হলেন, অটোরিক্সার শিশু যাত্রী নুসরাত জাহান (৭) এবং অটোচালক মাজারুল (৩৮)। আহত দুই জনকে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্খাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার মালিখিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইয়াকুব আলী (৩০) এবং দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের আবুল কাশেমের স্ত্রী জোৎস্না বেগম (৫৫) ।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, দূর্ঘটনায় ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।