,

ডুলহাজারায় সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তা তানজিম নিহত

আজকের কুমিল্লা ডট কম :
September 24, 2024
news-image

ডুলহাজারায় সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তা তানজিম নিহত

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের চকরিয়ার ডুলহাজারায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন নিহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছালে তিনি মৃত্যুবরণ করেন। নিহত লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, সেনাবাহিনীর একটি দল রাতে ডুলহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত আড়াইটার দিকে সশস্ত্র ডাকাত দলের সদস্যদের আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে তিনি গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পথিমধ্যেই তিনি মারা যান।

ওসি আরও জানান, সেনাবাহিনীর এই অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল, বেলালসহ তিনজনকে আটক করা হয়েছে। নিহত সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।