শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দাউদকান্দিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২২, ২০২৫
news-image

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডের দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে মানুষ তাদের বাড়ি ফিরবে, বিশেষ করে প্রবাসী এবং দেশের বিভিন্ন স্থানে কর্মরত লোকজনের ঈদযাত্রা নির্বিঘ্নে করতে এবং যানজট নিরসনে কুমিল্লা জেলা ও উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে শনিবার গৌরীপুর বাসস্ট্যান্ডে মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং যানজট কমাতে এই অভিযান পরিচালিত হয়েছে। গত দুই দিন মাইকিং করা হয়েছে এবং অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। তবে ব্যবসায়ীরা সচেতন না হওয়ায় শনিবার এই অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ নুরুল আফসার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, দাউদকান্দি মডেল থানা পুলিশ, জেলা ট্রাফিক পুলিশ, কমিউনিটি পুলিশিং দাউদকান্দি হাইওয়ে থানার সভাপতি ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দাউদকান্দি উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল হোসেন, গৌরীপুর কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ নজরুল ইসলাম উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন।
জাকির হোসেন হাজারী