শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে মৎস্য প্রকল্প নির্মান কাজে বাধা ও চাদাবাজির অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৮, ২০২৫
news-image

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামে মৎস্য প্রকল্প নির্মানে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রামবাসী দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এদিকে আজ মঙ্গলবার দুপুরে চাদাবাজির প্রতিবাদে আউটবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে সাতটি গ্রামের জমির মালিকদের সমন্বয়ে ২৭বছর আগে এশিয়া মৎস্য প্রকল্প করা হয়। বিগতদিনে প্রকল্প কমিটিতে যারাই ছিলেন কৃষকদেও ন্যায্য পাওনা না দিয়ে লীজের নামে লুটেপুটে খেয়েছেন। জমির মালিকরা কিছুই পায়নি। আউটবাগ গ্রামের সাধারণ কৃষক ন্যায্য পাওনা চাইতে গেলেই নানান অত্যাচার ও নির্যাতনের স্বীকার হয়েছে। তাই আউটবাগ গ্রামের সাধারণ কৃষক ও সর্বস্তরের সাধারণ জনগণ মিলে এশিয়া মৎস্য প্রকল্প হতে আউটবাগ গ্রামের কৃষকদের জমি নিয়ে আলাদা হয়ে “একতা মৎস্য প্রকল্প” নামে জমির পাড় বাধার কাজ শুরু করে।

সোমবার ইউনিয়নের বিএনপিনেতা তৈয়ব আলী, যুবদল নেতা মিজানসহ ১০-১২ জন প্রকল্পের ভেকুর ড্রাইভারকে পিস্তল দেখিয়ে হুমকি দিয়ে ভেকুর চাবি নিয়ে যায়। আর বলে যায় প্রতিদিন তাদেরকে বিশ হাজার টাকা না দিলে কোনরকম কাজ করতে দেয়া হবে না।

মঙ্গলবার দুপুরে আউটবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে ওয়ালি উল্লাহ, আব্দুল মতিন মাষ্টার ও দেলোয়ার বলেন, ২৫/২৬ বছর আগে এগার’শ বিঘা জমি নিয়ে এশিয়া মৎস্য প্রকল্প করা হয়েছিল। আমাদেও আউটবাগ গ্রামের জমির মালিকরা ন্যায্য হিসাব থেকে বঞ্চিত। আলাদা প্রজেক্ট করা জন্য আউটবাগ গ্রামের সকল জমির মালিকের স্বাক্ষরিত একটি আবেদন আমরা উপজেলা প্রশাসনের নিকট দিয়েছি। এখন শুকনো মৌসমে আমরা আমাদের দু’শ বিঘা জমি নিয়ে আলাদা প্রজেক্ট করা শুরু করেছি। তাই সিঙ্গুলা এলাকার মিজান, মোতালেব, তৈয়ব আলী ও শাহ আলমসহ ১০/১২জন এসে আমাদের প্রকল্পের কাজের ভেকু মেশিনের চাবি নিয়ে চালককে হুমকি দিয়ে যায়।

ভ্যাকুর চালক আলী মিয়া বলেন, সোমবার বিকালে ১০/১২ জন মোটর সাইকেলে করে এসে আমার কাছে চাবি চায়। দিতে না চাইলে আমাকে পিস্তল দেখালে ভয়ে আমি চাবি দিয়ে দেই।

সিঙ্গুলা গ্রামের মিজান অভিযোগ অস্বিকার করে বলেন, আমি ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। আমাকেসহ মোতালেব, তৈয়ব আলী ও শাহ আলমের নামে আউটবাগ গ্রামবাসী মানববন্ধন করে যে অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আর যারা মানববন্দন করেছে তারা বিগত আওয়ামী ফ্যাসিস্টের পদধারী লোক।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, আউটবাগ গ্রামের একটি অভিযোগ পাইছি। তদন্ত সাপেক্ষে ব্যস্থা নেয়া হবে।