কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকের চাপায় যুবক নিহত
কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পলাশ চন্দ্র সরকার (৩০) নিহত হয়েছেন।
শনিবার (১৭ মে) দুপুর তিনটার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পলাশ চন্দ্র সরকার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর গ্রামের বাসিন্দা ও নারায়ণ চন্দ্র সরকারের পুত্র।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এএসআই রাজিবুল ঘটনাটি নিশ্চিত করে জানায়, পলাশ কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে মোটরসাইকেলে করে দেবপুর যাচ্ছিলেন। পথে ময়নামতি সাহেববাজার এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। এতে পলাশ সড়কে ছিটকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।
ঘটনাস্থলেই ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে পলাশের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত যানবাহনগুলো জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।