মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদপুরে ২ ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তার হানা: ৩০ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৭, ২০২৫
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর সদর হাসপাতালের সামনে এবং চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ মে) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর সদর হাসপাতালের সামনে অবস্থিত নিউ মর্ডান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ টেস্টের কীট পাওয়ায় ১০ হাজার টাকা এবং শহীদ মিনার এলাকায় অবস্থিত ফেমাস ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা সহ সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযানকালে শহরের বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। এবং অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এসময় চাঁদপুর জেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।