মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তিতাসে সড়ক ও জনপথের জায়গা দখলের হিড়িক

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৫, ২০২৫
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার গৌরীপুর-হোমনা সড়কের তিতাসে সড়কের দুই পাশের সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখলের হিড়িক পড়েছে। সওজের সড়কের উভয় পাশের ফাঁকা জায়গায় ভরাট করে যে যার মতো আয়ত্তে নিচ্ছেন। রাজনৈতিক প্রভাবশালী দখলে জড়িত দাবি স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, তিতাস উপজেলার কড়িকান্দি এলকায় সড়কের পশ্চিম পাশে সওজের জায়গায় টং দোকানের আড়ালে বালু ভরাটের মাধ্যমে অবাধে দখলে নিচ্ছেন । এলাকাবাসীর ভাষ্য, এ ধরনের অবৈধ দখলের ঘটনা প্রতিদিন ঘটছে। সওজ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা বা কোন প্রকার বাঁধা দেয়া হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় ছাত্রদল নেতা আল-আমিন হক বাবুর নেতৃত্বে কড়িকান্দি সড়ক ও জনপদ বিভাগের রেকডভুক্ত জায়গা বালু দিয়ে ভরাট চলছে। এছাড়াও প্রতিনিয়ত উপজেলার গৌরিপুর-হোমনা আঞ্চলিক সড়কের জিয়ারকান্দি এলাকা থেকে বাতাকান্দি এলাকা পর্যন্ত সওজের জমি অবৈধভাবে দখল করার মাধ্যমে গড়ে তোলা হচ্ছে নতুন নতুন স্থাপনা। এসব স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা বছরের পর বছর দখল করে থাকলেও উচ্ছেদে কার্যত পদক্ষেপ নেই সড়ক ও জনপথ বিভাগের। এতে সড়কটির কড়িকান্দি এবং বাতাকান্দি এলাকায় প্রতিদনই যানজট লেগে থাকে বলে স্থানীয়রা জানান।

তিতাস উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হক বাবুর মুঠোফোনে অভিযোগ অস্বিকার করে বলেন, এটা যাদের জায়গা তারাই ভরাট করতেছে, এর সাথে আমার কোন রকমের সম্পৃক্ততা নেই। আর আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা মিথ্যা রটাচ্ছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে। সরকারী জায়গা কে ভরাট করছে এমন প্রশ্ন তিনি বলেন, জায়গাটি আগে আওয়ামী লীগের লোকজনের দখলে ছিল। এখন যারা দখল করছে আমার আত্মীয় হলেও তাদেও সাথে আমার কোন সম্পর্ক নেই।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন বলেন, বিষয়টি জানার পর আমরা সওজের কর্মকর্তাকে জানিয়েছি। উনার বলেছেন সরেজমিনে দেখে ব্যবস্থা নিবেন।
কুমিল্লা সড়ক ও জনপথ এর নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, বালু ভরাটের মাধ্যমে আমাদের সরকারী জায়গা দখলের বিষয়টি জানা নেই। তবে আমাদের লোক পাঠিয়ে খবর নিব এবং দখলদারদের ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।