কুমিল্লা সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের স্মারকলিপি প্রদান
কুমিল্লা সরকারি কলেজে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ছাত্র সংসদ (ছাত্রসংসদ) নির্বাচনের পুনরায় আয়োজনের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা সরকারি কলেজ শাখা একটি স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নূরুর রহমান খানের নিকট এই স্মারকলিপি হস্তান্তর করেন। এসময় ইসলামী ছাত্র আন্দোলনের কলেজ শাখার সভাপতি কাইফ বিন হাবিব ভূঁঞা নেতৃত্ব দেন।b
স্মারকলিপিতে বলা হয়, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষাঙ্গনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং ছাত্র নেতৃত্ব বিকাশের লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে কুমিল্লা সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা জরুরি।
এতে আরও উল্লেখ করা হয়, “ছাত্র সমাজই জাতির ভবিষ্যৎ নেতৃত্বের উৎস। তাই নতুন নেতৃত্ব গড়ে তোলা, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং দায়িত্বশীল নাগরিক তৈরি করতে ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য।”
স্মারকলিপিতে দাবি জানানো হয়— একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি, সকল সংগঠনের জন্য সমঅধিকার বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
ইসলামী ছাত্র আন্দোলনের কলেজ শাখার সভাপতি কাইফ বিন হাবিব ভূঁঞা বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, গণতান্ত্রিক মূল্যবোধ ও ইতিবাচক রাজনীতিকে সুসংহত করবে। তাই দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা ও রোডম্যাপ প্রণয়ন করে নির্বাচন আয়োজনের জন্য কলেজ প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানিয়েছি।