শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তিতাসে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে বিএনপি নেতার আর্থিক অনুদান

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৮, ২০২৫
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাস উপজেলার লালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৮টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুড়ে যাওয়া দোকান মালিকরা জানিয়েছেন। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

শনিবার স্থানীয় বিএনপি নেতা মাজেদুল ইসলাম মন্টু পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত খোরশেদা আক্তারকে নগদ ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন।

জানা যায়, উপজেলার মজিদপুর ইউনিয়নের লালপুর বাজারের মাঝখানের কোন একটি দোকানে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন পাশের ছড়িয়ে পড়ে। আগুনের খবরটি স্থানীয় মসজিদের মাইকে প্রচার করলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । পরে দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে পুড়ে যাওয়া দোকান গুলো হলো, নয়ন ইলেকট্রনিক, মাহিম স্টোর, মতিন স্টোর, মনা স্টোর, জাকারিয়া স্টোর, কাউছার ডেকোরেশন, হাজী স্টোর ও ফরহাদ পল্টি ফার্ম। এছাড়াও আশপাশের আরো কয়েকটি দোকানের মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা ধারণা করছে যে কোনো দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাহিম ষ্টোরের মালিক খোরশেদা আক্তার পোড়া টিন ছাই দেখিয়ে বিলাপ করছেন। বলছেন প্রতিবন্ধি মেয়ে ও ছেলেকে নিয়ে এখন আমি কিভাবে চলবো। তিনি বলেন , আড়াই বছর আগে স্বামীকে হারিয়ে এক ছেলে এক প্রতিবন্ধি মেয়েকে নিয়ে ধারদেনা করে দোকান করেছিলাম। ৩/৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মাহিম ৭ম শ্রেণীতে পড়ে। স্বামী কিডনি রোগী ছিল, চিকিৎসা করতে গিয়ে দেনা এখনো শোধ হয়নি।

মেসার্স নয়ন ট্রেডার্স এর মালিক মোশাররফ হোসেন বলেন, আমার ইলেকট্রনিকস মালামাল, স্টুডিও ও কম্পিউটার দোকানটির সব পুড়ে ছাই হয়ে গেছে। নগদ ৫০হাজার টাকাসহ প্রায় ২০লাখ টাকার মালামাল ছিল। ২০১৬ সালে মালয়েশিয়া থেকে এসে দোকানটি চালু করেছিলাম। আগুনে সব পুড়ে এখন নিঃস্ব হয়ে গেছি।

এদিকে মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু শনিবার বেলা সাড়ে ১১টায় আগুনে ক্ষতিগ্রস্ত বাজারটি পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত খোরশেদা আক্তারকে নগদ ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন। তিনি বলেন, অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াতে না পারলে রাজনীতিটাই বৃথা। আমার দল বিএনপি রাজনীতি করি মানুষের কল্যানের জন্য। তাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আছি এবং থাকবো।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.শরিফ বলেন, রাত আনুমানিক ১১ টায় আমাদের একটি ইউনিট ঘটনাস্থল লালপুর বাজারে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা সম্ভব হয়নি।