জনগণের ভাগ্যোন্নয়নে বিএনপির নেতৃত্বের কোনো বিকল্প নেই: ড.মোশাররফ
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১(দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের ভাগ্যোন্নয়নে বিএনপির নেতৃত্বের কোন বিকল্প নেই। এটিই আজ প্রমাণিত সত্য। জনগণের ভোটে ক্ষমতায় গেলে আগামীতে দেশকে এগিয়ে নিতে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। দুর্নীতির মূলোৎপাটন করা হবে। আইনের শাসন, প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা হবে। আমরা গড়ে তুলবো- একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। যেখানে মানুষ জান-মালের নিরাপত্তা পাবে, শান্তিপূর্ণভাবে বসবাস করবে। আগামী দিনে একটি উন্নত ও সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার জন্য ১২ তারিখে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
ড.মোশাররফ আজ সোমবার বিকাল চারটায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারী ডিগ্রী কলেজ মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এইসব কথা বলেন।
দুপুর ২টা থেকে খন্ড খন্ড মিছিল এসে গৌরীপুরের জনসভা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কলেজ মাঠে স্থান সংকুলান না হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও পার্শ্ববর্তী এলাকা লোকে লোকারণ্য হয়ে বিশাল জনসমুদ্রে রূপ নেয়। ঊঁচু গাছ ও ভবনের ছাদে উঠে অসংখ্য উৎসাহী জনতাকে ড.মোশাররফের বক্তব্য শুনতে দেখা গেছে।
তিনি বলেন, সরকার পরিচালনায় বিএনপির গৌরবোজ্জ্বল অতীত অভিজ্ঞতা ও সুনাম রয়েছে,যা অন্য রাজনৈতিক দলের নেই। বিএনপি পরীক্ষিত খাঁটি দেশপ্রেমিক গণতান্ত্রিক দল। মানুষ বিএনপির উপরই ভরসা করে। ধানের শীষের দল যখনই ক্ষমতায় থাকে, জনগণ অনেক বেশি উচ্ছ্বসিত থাকে।
ড.মোশাররফ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, তারেক রহমান দেশ এবং জনগণের জন্য বিভিন্ন গণমুখী পরিকল্পনা প্রণয়ন করেছেন। রাষ্ট্র ক্ষমতায় গেলে তিনি আগামী ৫ বছরে ঘোষিত ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের স্বপ্ন পূরণ করবেন। দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে।
বিএনপির এই প্রবীণ নেতা বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি গড়তে এবং সবাইকে নিয়ে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।
বিএনপির প্রার্থী ড.মোশাররফ বলেন, বিগত সময়ে বিএনপি বিরোধী দল বা সরকারে, যেখানেই ছিলো, দেশ ও জনগণের স্বার্থরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। বিএনপি জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ছাড় বা কোনো গোষ্ঠীর সাথে কখনও আপস করেনি।
দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম ও পৌর বিএনপির সদস্য সচিব মো.কাউসার আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা ছিলেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন।
তিনি(মারুফ)ধানের শীষে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বলেন,ইনশাআল্লাহ আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় যাবে। দেশের উন্নয়ন হবে, মানুষ নিরাপদে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বমানচিত্রে উন্নত রাষ্ট্র হিসাবে জায়গা করে নিবে। জাতি হিসাবে আমরা হবো- সন্মানিত ও গর্বিত।
সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপি’র কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম চেয়ারম্যান , পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জসিমউদ্দিন আহমেদ যুগ্ম আহবায়ক সাইফুল আলম ভুইয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন হাজারী প্রমূখ।