,

কুসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মুখে হাসি,প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন প্রশাসক টিপু

আজকের কুমিল্লা ডট কম :
March 17, 2026
news-image

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলভিত্তিক স্টাফদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নগরীর ধর্মসাগর সংলগ্ন শিশু পার্ক প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তার উদ্বোধন ও বিতরণ করেন কুসিকের নবনিযুক্ত প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু।

এ সময় সিটি কর্পোরেশনের মোট ৮৩৩ জন কর্মীর প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। এতে মোট ৪১ লাখ ৬০ হাজার টাকার সহায়তা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি কুমিল্লাকে একটি ‘গ্রীন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান। পাশাপাশি নগর উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূইঁয়া, মো. মাঈন-উদ্দিন চিশতীসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

ঈদকে সামনে রেখে এই আর্থিক সহায়তা পেয়ে পরিচ্ছন্নতা কর্মীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।