কোচিং বন্ধের আগে শিক্ষকদের বেতন-সুবিধা বৃদ্ধি জরুরি : অধ্যক্ষ সেলিম ভুইয়া এমপি
শেখ ফরিদ উদ্দিন:
কোচিং বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষকদের বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষক নেতা ও কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
এর আগে শনিবার (৪ এপ্রিল ) কুমিল্লায় পরীক্ষার সাথে সংশ্লিষ্ট অংশীদারদের একটি মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন কোচিং সেন্টার বন্ধ করে দেয়ার ঘোষণা করেন।
তারপরই নিজের ফেসবুক স্ট্যাটাসে শিক্ষক নেতা ও এমপি অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেছেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করতে হলে প্রথমেই শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও প্রাপ্য সম্মান নিশ্চিত করতে হবে। শুধু কোচিং বন্ধ করলেই সমস্যার সমাধান হবে না; বরং শিক্ষকদের ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলে তারা আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে শিক্ষাদানে মনোনিবেশ করতে পারবেন।
তিনি আরও উল্লেখ করেন, একটি শক্তিশালী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে শিক্ষক সমাজকে প্রাধান্য দিতে হবে এবং তাদের দাবি-দাওয়া বাস্তবসম্মতভাবে বিবেচনা করা প্রয়োজন।
ফেসবুকের এমন স্ট্যাটাস সম্পর্কে অধ্যক্ষ সেলিম ভুইয়ার সাথে প্রতিবেদকের সাথে মুঠোফোনে কথা হলে, তিনি তার বক্তব্যে শিক্ষকদের সু্যোগ সুবিধা বৃদ্ধির পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।