শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় শেষ হলো ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২০, ২০২৬
news-image

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্বের তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে শনিবার (২০ জুন) কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে এ বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

শেষ দিনের পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীরা শারীরিক সক্ষমতা যাচাইয়ের বিভিন্ন ধাপে অংশ নেন। এ সময় তারা পুশআপ, সিটআপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্টে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।

বাছাই কার্যক্রম পরিদর্শন করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. আনিসুজ্জামান, পিপিএম। তিনি উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে আগামী লিখিত পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ এবং বহুস্তরীয় মনিটরিং ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। তাই কোনো প্রার্থী বা অভিভাবক যেন দালাল কিংবা প্রতারকদের প্রলোভনে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, কেউ যদি চাকরি পাইয়ে দেওয়ার নামে কোনো ধরনের প্রলোভন বা প্রতারণার চেষ্টা করে, তাহলে দ্রুত সংশ্লিষ্ট থানায় অথবা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে হবে।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদলসহ নিয়োগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।