সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে অনিয়মের দায়ে নিউমার্কেটে ২৬ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২২, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট এলাকায় বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২২ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা এবং সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতে মূল্য তালিকা প্রদর্শন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। অন্যথায় আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে বাজার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে প্রশাসনকে সহযোগিতা করেন। স্থানীয়রা বাজার এলাকায় এমন অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানান।