মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, গ্রেফতার ৯

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৩, ২০২৬
news-image

হাজীগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

আজ মঙ্গলবার (২৩ জুন) হাজীগঞ্জ থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, সোমবার রাতে হাজীগঞ্জ থানার এসআই মো. সাইখ বিন আহম্মেদের নেতৃত্বে উপজেলার সেন্দ্রা এলাকার গাজী বাড়ির একটি পরিত্যক্ত ঘরের পেছন থেকে ৫ পিস ইয়াবাসহ মো. বাদশা ওরফে রাজু (৩৫)-কে গ্রেফতার করা হয়।

পৃথক আরেকটি অভিযানে এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে গন্ধর্ব্যপুর ইউনিয়নের মালিগাঁও এলাকার সড়ক থেকে মো. নাছির হোসেন (৩৯)-কে ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও একই রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২ জন সিআর ওয়ারেন্টভুক্ত, ৩ জন জিআর ওয়ারেন্টভুক্ত, পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জন এবং নিয়মিত মামলার ১ জনসহ আরও ৭ আসামিকে গ্রেফতার করা হয়।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোট ৯ আসামিকে আজ মঙ্গলবার যথাযথ পুলিশ প্রহরায় চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।