ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশজুড়ে ধীরগতিতে চলছে যানবাহন : চরম ভোগান্তিতে
ইমতিয়াজ আহমেদ জিতু:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ৯৬ কিলোমিটার অংশজুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। কোথাও থেমে থেমে দীর্ঘ যানজটের কারণে ঢাকা- চট্টগ্রামগামী হাজার হাজার যাত্রী এবং পরিবহন শ্রমিক চরম ভোগান্তিতে পড়েছেন।
আজ শুক্রবার (৭ আগষ্ট ) ভোররাত থেকে ময়নামতি সড়কের উভয় লেনে যানজট ছড়িয়ে পড়ে।
মহাসড়কের বিভিন্ন অংশে সংস্কার কাজের ধীরগতি এবং টানা বৃষ্টিতে সৃষ্ট খানাখন্দকের কারণে থেমে থেমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে কুমিল্লা থেকে ঢাকা যেতে এবং ঢাকা থেকে কুমিল্লা ফিরতে অন্তত ৬ থেকে ৭ ঘন্টা সময় লাগছে। যেখানে যানজট না থাকলে দুই ঘন্টায় কুমিল্লা থেকে ঢাকা যেতে সময় লাগে।
স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার মহাসড়কের ময়নামতির আমতলী এলাকায় সড়কে সংস্কার কাজের জন্য যানজট মহাসড়কের মিয়া বাজার পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় উভয় লেনেই যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এছাড়া মহাসড়কের নিমসার, কাবিলা, মাধাইয়া, ইলিয়টগঞ্জ, গরিপুর ও দাউদকান্দি এলাকায় যানবাহন খুব ধীরগতিতে চলছে। এসব এলাকায় দীর্ঘ সময় যানবাহন থেমে থাকতেও দেখা যায়। ধীরগতিতে চলাচল করা যানবাহনের এ চাপ বেলা গড়ালেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। থেমে থেমে ছিল যানজট।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, সংস্কার কাজের জন্য সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
কুমিল্লা থেকে মাইক্রোবাসে ঢাকায় যাওয়া ব্যবসায়ী সাইফুল সুমন জানান, সকাল ৭ টার দিকে মহাসড়কের আলেখার চর বিশ্বরোডে প্রায় দেড় ঘন্টা যানজটে আটকে ছিলাম। এরপর বিভিন্ন এলাকায় যানজটে পড়েছি। প্রায় ৭ ঘন্টা পর দুপুর দুইটার দিকে ঢাকা পৌঁছেছি। পুরোটা রাস্তায় গাড়ি থেমে থেমে ধীরগতিতে চলেছে।
এদিকে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা থেকে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার বরাবরে শুক্রবার সকালে প্রেরিত এক জরুরি প্রতিবেদনে বলে হয়েছে ” মহাসড়কের আমতলী এলাকায় বৃষ্টির পানি জমে রাস্তায় বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে ঢাকামুখী লেনে যানবাহন থামিয়ে থেমে থেমে ধীরগতিতে চলাচল করছে। ঢাকামুখী লেনে যানজট তীব্র হওয়ায় অনেক যানবাহন বাধ্য হয়ে উল্টো পথে যাওয়ার চেষ্টা করছে, যার প্রভাব পড়েছে চট্টগ্রামমুখী লেনেও। এতে মহাসড়কের উভয় পথেই যানজট ছড়িয়ে পড়ছে। যানজট নিরসন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ময়নামতি ক্রসিং হাইওয়ে পুলিশের ২টি মোবাইল টিমসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।”
প্রতিবেদনে আরও বলা হয়েছে , আমতলী অংশের এই বেহাল দশা ও খানাখন্দক দ্রুত মেরামতের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে বারবার অবহিত করা হলেও তারা স্থায়ী বা অস্থায়ী কোনো পদক্ষেপ নেয়নি। ফলে প্রতিদিনই এ স্থানে সাধারণ সড়ক ব্যবহারকারীদের তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে।
কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, বৃষ্টির কারণে জরুরি সংস্কার কাজে ব্যাঘাত হয়েছে। অচিরেই সংস্কার কাজ শেষ হবে। তখন যানজট অনেকটাই কমে যাবে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা জানান, গত ৩/৪ সপ্তাহের টানা বৃষ্টিতে মহাসড়কের এই অংশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।