নোয়াপাড়া ফ্রেন্ডস ক্লাব শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মোঃ ইয়াছিন মিয়া:
কুমিল্লার নোয়াপাড়ায় “নোয়াপাড়া ফ্রেন্ডস ক্লাব” আয়োজিত শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে নোয়াপাড়া স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনালে ভাই ব্রাদার্স একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাইজিং একাদশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সোহরাব হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সোলমান হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. সামছুল আলম সামু।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, “নোয়াপাড়া এলাকায় খেলাধুলার এই আয়োজন দীর্ঘদিনের ঐতিহ্য। আমরা প্রতিবছর দুই থেকে তিনবার এ ধরনের আয়োজন করে থাকি।
এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই আমাদের এই উদ্যোগ।”
তিনি আরও বলেন, “আমি আশা করি, এলাকার যুব সমাজ মাদকমুক্ত থাকবে এবং মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে। আমি নিজেও মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আছি এবং ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ, নোয়াপাড়া এলাকায় এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।”
খেলা শেষে বিজয়ী রাইজিং একাদশ ও রানার্সআপ ভাই ব্রাদার্স একাদশের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জমজমাট এ ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবনধারায় ফিরিয়ে আনাই এ আয়োজনের মূল লক্ষ্য।