,

মাদরাসা ও ধর্মীয় শিক্ষা নিয়ে অপপ্রচার বন্ধের আহবান গৌরীপুর প্রাইভেট মাদরাসা ঐক্য পরিষদের

আজকের কুমিল্লা ডট কম :
September 14, 2026
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

মাদরাসা শিক্ষা ও মাদরাসা সম্পর্কে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর প্রাইভেট মাদরাসা ঐক্য পরিষদ।

সোমবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে গৌরীপুর বাজারের মদিনা মাদরাসা মিলনায়তনে সংবাদ সম্মেলনে গণমাধ্যম ও সর্বস্তরের জনগণের প্রতি এই আহবান জানান।

মাদরাসা প্রতিষ্টা ও শিক্ষার অবদান নিয়ে সংগঠনের সভাপতি মাওলানা নাজির আহম্মেদ বলেন, মাদরাসা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় শিক্ষার পাশাপাশি অনেক মাদরাসায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও অন্যান্য সাধারণ বিষয়ও পড়ানো হয়। তাই মাদরাসা শিক্ষা ও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কোনো ধরনের ভিত্তিহীন, বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো অনাকাঙ্ক্ষিত।

তিনি বলেন, সম্প্রতি দুই শিক্ষার্থীর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে নিয়ে বিভিন্ন মাধ্যমে নেতিবাচক ও বিভ্রান্তিকর বক্তব্য/প্রচার করা হয়েছে। যা অত্যন্ত নিন্দনীয় এবং সমাজের জন্য ক্ষতিকর। সঠিক তথ্য যাচাই করে প্রচারের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে মাদরাসা শিক্ষা নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার বন্ধ, কোনো অভিযোগ থাকলে তা তথ্য-উপাত্তের ভিত্তিতে উপস্থাপন এবং সাংবাদিকদের সত্য ও নিরপেক্ষ তথ্য যাচাই পূর্বক সংবাদ প্রকাশের অনুরোধ জানাচ্ছি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং করণীয় নিয়ে বক্তব্য দেন মাওলানা মিজানুর রহমান, মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা নজির আহমেদ কাসেমী।

মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার, গণমাধ্যম, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে তারা বলেন, কোনো একটি ঘটনার কারণে পুরো মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে দোষারোপ না করে, যেখানে অনৈতিকতা বা অনিয়ম আছে সেখানে নিরপেক্ষ তদন্ত, জবাবদিহিতা, শিক্ষার্থীর নিরাপত্তা এবং আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার দাবী জানান।