ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেলো ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীর
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর জাহান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নূর জাহান বাংলা বিভাগের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ মৌছাগাছা এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হন নূর জাহান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
নূর জাহানের মৃত্যুতে শোক জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মশিউর রহমান ভূঞা জানান, আমার ছাত্রী নূর জাহান অত্যন্ত ভদ্র মেয়ে ছিল। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে সে অংশগ্রহণ করতো। সে অনেক সৃজনশীল ছিল। তার মৃত্যু সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত।