কোম্পানীগঞ্জ বাজারে ভোক্তার অভিযান, অনিয়মে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
হাবিবুর রহমান মুন্না:
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কোম্পানিগঞ্জ বাজারের মিষ্টির দোকান, কাঁচাবাজার, মুদি দোকান ও ডিলার, বিরিয়ানি-কাচ্চিসহ বিভিন্ন উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মিষ্টি ওজনে কারচুপি, মিষ্টির প্যাকেটের ওজনে অসঙ্গতি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং নকল ওটস বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় আশা মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা, শ্রী লক্ষীভান্ডারকে ৭ হাজার টাকা, মাতৃভান্ডার ও লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে ৮ হাজার টাকা এবং নকল ওটস ও ডিটারজেন্ট বিক্রির দায়ে ইভা এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল, কোম্পানিগঞ্জ মার্কেট কমিটি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।
ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত এবং ভেজাল ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।