,

অপরাধ দমনে সাহসিকতার স্বীকৃতি, বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া

আজকের কুমিল্লা ডট কম :
September 27, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

সাহসিকতা, বীরত্ব, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সাহসিকতা) অর্জন করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় কর্মরত এসআই (নিরস্ত্র) অর্ণব বড়ুয়া।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন। রবিবার কুমিল্লা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্ণব বড়ুয়ার এ অর্জনে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, অর্ণব বড়ুয়া ২৬ জুলাই ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালনের সময়ে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে দক্ষতা এবং বিভিন্ন উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রাখেন। এর স্বীকৃতি হিসেবেই তিনি বিপিএম-সাহসিকতা পদকের জন্য মনোনীত হন।

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনকালে অর্ণব বড়ুয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনতে ভূমিকা রাখেন। এ সময়ে ৫৩ জন ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ অস্ত্র, মাদকদ্রব্য ও লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ২৯টি ডাকাতি ও চুরি মামলার রহস্য উদঘাটনে তিনি কাজ করেন। এছাড়া নোয়াখালীর সুধারাম থানার আলোচিত স্বর্ণের দোকান চুরি মামলার রহস্য উদঘাটনেও ভূমিকা রাখেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনতি ও তাঁর মায়ের আলোচিত ক্লুলেস হত্যা মামলায় ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। একই সঙ্গে বুড়িচংয়ের কলেজছাত্র তুহিন হত্যা মামলা, সদর দক্ষিণে কিশোর গ্যাংয়ের মাধ্যমে সংঘটিত হত্যাকাণ্ড এবং মনোহরগঞ্জের আলোচিত ক্লুলেস আলাউদ্দিন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল।

এছাড়া পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের মাধ্যমে একজন আসামিকে গ্রেপ্তার করা হয় তাঁর দায়িত্ব পালনকালে।

মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ ২৩৮ কেজি গাঁজা, ১ লাখ ৪৭ হাজার ২৪০ পিস ইয়াবা, ৬২৫ বোতল ফেনসিডিল, ৫০ বোতল মদ ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করে। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, পিকআপ, প্রাইভেটকার, বাস ও মোটরসাইকেলও জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, সাহসিকতা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে অর্ণব বড়ুয়ার বিপিএম পদক অর্জন কুমিল্লা জেলা পুলিশের জন্য গৌরবের।