,

কুমিল্লায় কিশোর গ্যাং লিডার রতনসহ আটক ৩৬৩

আজকের কুমিল্লা ডট কম :
October 3, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এবার পুলিশের জালে উঠেছে আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর প্রধান ইমরান হোসেন ওরফে রতনসহ ৩৬৩ জন। গতকাল শুক্রবার মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (৩ অক্টোবর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও উঠতি বয়সী বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে এমন বিভিন্ন স্থান চিহ্নিত করে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে নগরী ও জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা শাখা (ডিবি) অংশ নেয়। আটক ৩৬৩ জনের মধ্যে রতনও রয়েছেন। তাদের প্রত্যেকের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ জেলার প্রতিটি থানার আওতাধীন যেসব এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, সেসব স্থানকে অভিযানের আওতায় আনা হয়। অভিযানে ৩৬৩ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।