,

চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে মাইক্রোবাসে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
October 5, 2026
news-image

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি হায়েস মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

সোমবার (৫ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার গাংরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন গীতবাড়ি বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা নামক স্থানে সন্দেহজনক একটি হায়েস মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে মাইক্রোবাসটি থেকে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত হায়েস মাইক্রোবাসটিও জব্দ করে বিজিবি।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা মাদক ও জব্দ করা যানবাহন আইনগত প্রক্রিয়া শেষে চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হবে।