,

‎চবির শহীদ ফরহাদ হোসেন হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে শাস্তি

আজকের কুমিল্লা ডট কম :
October 10, 2026
news-image

চবি প্রতিনিধি:
‎
‎চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের অভ্যন্তরে সব স্থানে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছে হল প্রশাসন। এ নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ. এস. ফারুক আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের প্রধান ফটক, গেস্ট রুম, বারান্দা, সিঁড়ি, করিডোর, কমন স্পেসসহ অভ্যন্তরের যেকোনো স্থানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। হলের পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখার স্বার্থে আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে হল প্রশাসন।
‎
‎জানা গেছে, হলের আবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতে হল সংসদের ভিপি মো. শরিফুল ইসলাম এবং যোগাযোগ ও আবাসন সম্পাদক মাসুম সরকার সজীব স্মারকলিপির মাধ্যমে বিষয়টি হলের প্রাধ্যক্ষের কাছে তুলে ধরেন।
‎
<span;>‎এ বিষয়ে হলের ভিপি শরীফুল ইসলাম বলেন, হলের অভ্যন্তরে সিগারেটসহ অন্যান্য তামাকজাত দ্রব্য সেবন নিষিদ্ধ থাকলেও সম্প্রতি হলের প্রধান ফটক, ফটকসংলগ্ন এলাকা এবং বিভিন্ন তলার করিডোরে কিছু শিক্ষার্থীকে ধূমপান করতে দেখা যায়। এতে হলের পরিবেশ ও আবাসিক শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার বিষয়ে একাধিক অভিযোগ আসায় তাঁরা বিষয়টি নিয়ে দাবি জানান।