All posts by jitu

বাড়ি ফেরার পথে বজ্রপাতে মাদরাসা ছাত্রের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত মো.নিহাজ উদ্দিন (১৪) উপজেলার হাতিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের তোতারগো বাড়ির মো.দিদার উদ্দিনের ছেলে।

শনিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার আহমদ মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিহত নিহাজ স্থানীয় আহমদ মিয়া বাজার নূরানী হেফজ মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকাল ৯টার দিকে মাদরাসা ছুটি হওয়ার পর মাদরাসা থেকে বাড়িতে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় নিহাজ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই মরদেহ নিহতের স্বজনেরা বাড়ি নিয়ে যায়।

কুমিল্লা-৫ সংসদীয় আসন: যে কারণে আলোচনায় এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক এবং কুমিল্লা-৫ সংসদীয় আসনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী হেভিওয়েট প্রার্থী এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি। নানা ইতিবাচক কর্মকান্ডের জন্য তাকে নিয়ে প্রতিনিয়ত মানুষের আগ্রহ বাড়ছে। মানুষের সাথে সম্পৃক্ত থাকায় জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে অনেকগুণ।

দীর্ঘ বছর ধরে তিনি এই আসনের দুই উপজেলা বুড়িচং ও ব্রাহ্মণপাড়া চষে বেড়াচ্ছেন। মসজিদ, মন্দির, পথে ঘাটে, মানুষের ঘরে ঘরে এখন এই তরুণ নেতার পদচারণা। সরকারের উন্নয়ন কর্মকান্ড ও ইতিবাচক বার্তা প্রসঙ্গে ধর্মীয় উপসনালয় থেকে শুরু করে গ্রামীণ সরুপথ বেয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কথা বলছেন, মানুষকে বোঝাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের নানা উন্নয়ন, বিরোধী দলের নানা অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং শেখ পরিবারের ইতিহাস-ঐতিহ্য নিয়ে আলোচনায় সবর্দা তৎপর থাকেন এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি। অন্যান্য প্রার্থীদের থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে সক্রিয় রুমি ও তার সমর্থক গোষ্ঠি।

এছাড়া প্রতি শুক্রবার জুম্মার নামায আদায় করছেন পৃথক পৃথক মসজিদে। দুই উপজেলার প্রায় দেড় শতাধিক মসজিদে তিনি নামায আদায় করে সেখানে মুসল্লীদের মাঝে সরকারের উন্নয়নের নানা তথ্য তিনি তুলে ধরছেন। বিতরণ করছেন সরকারের উন্নয়নের নানা তথ্যবিশিষ্ট লিফলেট। এ পর্যন্ত প্রায় ২ লক্ষাধিক লিফলেট তিনি বিতরণ করেছেন।

মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এই দুই উপজেলায় খেলাধুলায় তরুণ সমাজকে অনুপ্রাণিত করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। গ্রামে গ্রামে গিয়ে খেলার সামগ্রী বিতরণ করছেন। ফুটবল-ক্রিকেট খেলার আয়োজন করছেন। সব মিলিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে রুমি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন।

গত ৩ বছর ধরে রুমি এই দুই আসনের বাজার, মার্কেট, গ্রামের দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় গিয়ে সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিচ্ছেন।

এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি এই আসনের দুই উপজেলায় অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে নৌকার প্রার্থীদের পক্ষে দিনরাত প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন, যেখানে অন্য প্রার্থীদের অনেকেই বিদ্রোহী প্রার্থীদের পক্ষে মাঠে সরব ছিলেন।

সাবেক আইনমন্ত্রী এড. আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর এই আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি । ওই সময় বিশাল নেতাকর্মীর বহর নিয়ে মোটরসাইকেল শোডাউন, গ্রামে গ্রামে গণসংযোগ করে আলোচনার জন্ম দেন।

এছাড়া করোনা সংকটময় সময়ে তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার-অর্থ পৌছে দিয়েছেন। সব মিলিয়ে এ আসনে দলমত নির্বিশেষে রুমির একটা শক্তিশালী ইতিবাচক অবস্থানের সৃষ্টি হয়েছে।

পুকুরে গোসল করতে নেমে ছাত্রলীগ নেতার মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে পুকুরে গোসল করতে নেমে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

নিহত শহীদুল ইসলাম রবিন (২৮) উপজেলার নবীপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের খলিল মোল্লার বাড়ির রফিকুল ইসলামের ছেলে। তিনি নবীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের খলিল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গত দুই দিন আগে ঢাকা থেকে শরীরে জ্বর নিয়ে বাড়ি আসে রবিন। শনিবার সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির পুকুরে গোসল করতে নামে সে। গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুব দিয়ে সে আর উঠতে পারেনি। সেখানে ডুব দেওয়া অবস্থায় পানিতে ডুবে তার মৃত্যু হয়। তার বাবা-মা পুকুর ঘাটে ছেলের জামা-কাপড় দেখে অনেকক্ষন অপেক্ষা করে। এরপর ছেলেকে দেখতে না পেয়ে শৌরচিৎকার শুরু করে। একপর্যায়ে বাড়ির লোকজন পুকুরে নেমে সকাল ১০টার দিকে রবিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরুড়ায় চোরাই অটোরিক্সা উদ্ধার, একজন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়ায় একটি চোরাই অটোরিক্সা উদ্ধারসহ এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ আগষ্ট) দুপুর দেড়টায় বরুড়া উপজেলার হরিপুর গ্রামের মনির হোসেনের ছেলে কামরুল হাসান ওরফে মেহেদী হাসান( ২৬) তার অটোরিক্সা দিয়ে বিভিন্ন জায়গায় গাড়ি চালিয়ে জোহরের নামাজ পড়ার জন্য বরুড়ার খোশবাস উত্তর ইউপির আদমসার পূর্ব বাজার জামে মসজিদের সামনে অটোরিক্সাটি রেখে নামাজ পড়তে যায়। পরবর্তীতে একই উপজেলার উত্তর শালুকিয়া (লতি বেপারী বাড়ী) গ্রামের মৃত. হারুন হোসেনের ছেলে শাকিল হোসেন (২১) সহ অজ্ঞাতনামা ২/৩ জন ও গাড়ির চালক এর পিছনে এসে নামাজের জন্য দাঁড়ায়। নামাজ শুরু হলে সেজদার সময় দেখতে পায় যে, চালকের পিছনে উক্ত আসামি নাই। পরে নামাজ শেষে ভিকটিম কামরুল হাসান প্রঃ মেহেদেী হাসান মসজিদ থেকে বাহির হয়ে দেখতে পায় যে তার ব্যাটারি চালিত অটোরিক্সাটিকে বা কারা চুরি করে নিয়ে যায়। সাথে সাথে বাদী চারদিকে খোঁজ করতে থাকে। বাদীর গাড়িতে জিপিএস ট্র্যাকার থাকার কারণে আসামীর অবস্থান সনাক্ত করা সম্ভব হয়। পরে জিপিএস ট্র্যাকার মাধ্যমে উপস্থিত সাক্ষীসহ এলাকার কয়েকজনকে নিয়ে আসামীর অবস্থানকৃত স্থানে বুড়িচং উপজেলার কাবিলা জুতা ফ্যাক্টরির সামনে দুপুর সোয়া ২ টার সময় উপস্থিত হয়ে দেখতে পান যে বাদীর অটোরিক্সাটি চালিয়ে নিয়ে যাচ্ছে দেখে ডাক দিলে বাদীকে দেখে চালক লাফ দেয় এবং গাড়িতে থাকা অজ্ঞাতনামা ২/৩ জন দৌড়িয়ে পালিয়ে যায়। সাথে সাথে বাদীসহ তার সাথে লোকজনের সহায়তায় বিবাদী শাকিল হোসেনকে আটক করে।

শাকিলকে আটক করার বিষয়টি বরুড়া থানা পুলিশকে সংবাদ দিলে বরুড়া থানার এসআই ফখরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত আসামীকে নিজ হেফাজতে নেয় এবং ঘটনাস্থল হতে চুরি হওয়া ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করে।

এ ঘটনায় বরুড়া থানার মামলা দায়ের করা হয়েছে।

দুই দেশের হুমকি মোকাবিলায় ভারতের যুদ্ধবিমান মোতায়েন

অনলাইন ডেস্ক:

সামরিক বাহিনীকে আধুনিকীকরণের অংশ হিসেবে কাশ্মীর ও লাদাখ সীমান্তে নতুন যুদ্ধবিমান মোতায়েন করেছে ভারত। শ্রীনগরের বিমানঘাঁটিতে সদ্য মোতায়েন করা ‘উন্নততর’ মিগ-২৯ যুদ্ধবিমান চীন ও পাকিস্তানের হুমকি মোকাবিলায় কাজ করবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, এত দিন ষাটের দশকে তৈরি রুশ যুদ্ধবিমান মিগ-২১ ব্যবহার করত ‘উত্তরের রক্ষক’ হেসেবে পরিচিত ট্রাইডন্টস স্কোয়াড্রন। এবার তাদের সক্ষমতা আরও বাড়াতে তাদের হাতে উন্নততর মিগ-২৯ যুদ্ধবিমানগুলো তুলে দেওয়া হয়েছে। এতদিন এসব যুদ্ধবিমান জালন্ধরের আদমপুর বিমানঘাঁটিতে মোতায়েন করা ছিল।

ভারতীয় বিমনাবাহিনীর পাইলট স্কোয়াড্রন লিডার বিপুল শর্মা বলেন, ‘কৌশলগত অবস্থানের কারণে শ্রীনগর বিমানঘাঁটি থেকে কাশ্মীর ও লাদাখ সীমান্তের ওপর নজরদারি করা যাবে। নতুন এসব যুদ্ধবিমানের মাধ্যমে আমরা দুই ফ্রন্টেই শত্রুর মোকাবিলা করতে পারব।’

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আধুনিকীকরণের ফলে মিগ-২৯ যুদ্ধবিমান এখন আগের চেয়ে আরও শক্তিশালী ও নিখুঁত। রাশিয়ার প্রযুক্তি দিয়ে তৈরি এসব যুদ্ধবিমানে মাঝ আকাশেই জ্বালানি সরবরাহ করা যাবে। ভারতীয় বিমানবাহিনীর হাতে এমন প্রযুক্তি রয়েছে। এ ছাড়া এসব যুদ্ধবিমান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহন এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানা’ থেকে আটক ১০, উদ্ধার বিস্ফোরক

অনলাইন ডেস্ক:

টানা ১৫ ঘণ্টা পর শেষ হলো মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান ‘অপারেশন হিলসাইড’। জঙ্গি আস্তানা থেকে ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

অভিযান শেষে শনিবার (১২ আগস্ট) সকালে পুলিশের এই বিশেষায়িত ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকর্মীদের জানান, আটক ১০ জনের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়। এর আগে শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা থেকে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের বাইশা টিলায় অবস্থিত একটি বাড়িতে এ অভিযান শুরু হয়।

সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমাদের কাছে তথ্য ছিল নতুন একটি উগ্রবাদী সংগঠন ব্যাপকসংখ্যক লোককে উগ্রবাদের দীক্ষা দিয়েছে। শুরুতে আমাদের কাছে তথ্য ছিল মৌলভীবাজারের যে কোনো একটি পাহাড়ে তারা তাদের আস্তানাটি তৈরি করেছে। গতকাল আমরা চূড়ান্ত তথ্য পাই। ঢাকায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি, যিনি এই জঙ্গি আস্তানা থেকে তার পরিবারকে আনার জন্য গিয়েছিলেন।

তিনি আরও বলেন, এই জঙ্গি আস্তানা থেকে নারী-পুরুষ মিলিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন নারী।

সিটিটিসি প্রধান বলেন, ‘বিনা বলপ্রয়োগে আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের হেফাজতে নেওয়ার পরে আমরা জঙ্গি আস্তানায় ব্যাপক তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি বিস্ফোরক ও ৫০টির মতো ডেটোনেটর উদ্ধার করি; যা দিয়ে গ্রেনেডসহ হাই এক্সপ্লোসিভ তৈরি করা হয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি নতুন একটি সংগঠন, এর নাম “ইমাম মাহমুদের কাফেলা”। বাংলাদেশে যেসব নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে, সেগুলোর বাইরে এটি একটি নতুন সংগঠন। এই সংগঠনের যে মূল ব্যক্তি তার নামও আমরা পেয়েছি। আশা করি, তার পর্যন্ত পৌঁছাতে আমরা সক্ষম হব।’

ডিমের আড়তে অভিযান, জরিমানা তিন ব্যবসায়ীর

অনলাইন ডেস্ক:

দেশের বাজারে বেড়েই চলছে ডিমের দাম। এই দাম সহনীয় পর্যায়ে রাখতে কাপ্তানবাজারে ডিমের পাইকারি মার্কেটে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১২ আগস্ট) সকাল থেকে এ অভিযান শুরু হয়। ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

ক্রয় রশিদ ও বিক্রয় রশিদে ডিমের দাম উল্লেখ না রাখায় মোস্তাফিজ ট্রেডার্স ও জহিরুল হক ট্রেডার্সকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্য তালিকা না টানানোয় মিলন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল বলেন, ডিমের তিনটি প্রতিষ্ঠানে কিছু গরমিল পাওয়া গেছে। ডিম ক্রয়-বিক্রয়ের কোনো রশিদ নেই ব্যবসায়ীদের কাছে। এর ফলে ব্যবসায়ীরা কত টাকা দিয়ে ডিম কিনছেন আর বিক্রি করছেন, কী পরিমাণ লাভে বিক্রি করছে তা কিছু বোঝা যাচ্ছে না। এ ছাড়া এখানকার ব্যবসায়ীরা মূল্য তালিকার নিয়মও মানছে না। এসব কারণে কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, বাজার ঘুরে ডিমের দাম বৃদ্ধির কারণ হিসেবে যেগুলো পেয়েছি, সেগুলো প্রতিবেদন আকারে তৈরি করে ভোক্তা ডিজির কাছে জমা দেবো এবং সে অনুযায়ী অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ করবে।

গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বেড়েছে ডিমের দাম। ফার্মের মুরগির ডিম এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা হালি। অর্থাৎ এক পিস ডিমের দাম ১৫ টাকা। গত সপ্তাহেও এক পিস ডিম বিক্রি হয়েছে ১১ থেকে ১২ টাকায়, অর্থাৎ হালি ছিল ৪৮ থেকে ৫০ টাকা।

এ ছাড়া দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা ডজন দরে। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। সোনালি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৬০ টাকা। আর ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকা। দেশি মুরগির ডিমের শত বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়।

তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে গোটা পৃথিবী ঐক্যবদ্ধ: শামসুজ্জামান দুদু

অনলাইন ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গোটা জাতি ঐক্যবদ্ধ কেয়ারটেকার প্রশ্ন‌ে। সারা পৃ‌থিবী ঐক‌্য কেয়ারটেকার প্রশ্ন‌ে। আওয়ামী লীগ কী বলল, কী ভাবল, কী করল এই নিয়ে দেশবাসীর কোনো চিন্তা করে না।

আজ শনিবার (১২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক মানববন্ধনে তিনি সব কথা বলেন।

তিনি বলেন- এই সূর্য যদি সত্য হয়, এই পৃথিবী যদি সত্য হয়, আমাদের দেশপ্রেম যদি সত্য হয় তাহলে কেয়ারটেকার ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না, হতে দেওয়াও হবে না।

শামসুজ্জামান দুদু বলেন, দিনের অবস্থা খারাপ দেশের অবস্থাও খারাপ। আপনারা একটা বিশ্বাস নিয়ে যেতে পারেন। এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে যে নির্বাচন হবে সেই নির্বাচন এই সরকারের অধীনে হবে না।

তিনি বলেন- শেখ হাসিনা ৯৪, ৯৫ ও ৯৬ সালে যে দাবি করেছিলেন বেগম খালেদা জিয়ার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। তখন সংবিধানে কেয়ারটেকার ছিল না। তখন যদি শেখ হাসিনার মাথায় কেয়ারটেকারের ভূত না চাপতে তাহলে এখন আমরা কেয়ারটেকার সরকারের দাবি করতাম না। সে সময় শেখ হাসিনা, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি এবং বাম দলগুলো মি‌লে কেয়ারটেকার সরকারের দাবি করেছিল।

তিনি (হাসিনা) বলেছিলেন, আমি আজীবন কেয়ারটেকার সরকারে বিশ্বাসী। আজ তিনি যেহেতু কেয়ারটেকার সরকার রাখতে চাচ্ছেন না তাই কেয়ারটেকার সরকারের জন্য বিএনপির বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন তার জন্য জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত। এই ক্ষমা চাওয়ার আগে সংবিধানের দোহাই দিয়ে তিনি জাতিকে বিভ্রান্ত করছে।

দুদু আরও বলেন, বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছে। বিচারের নামে তার ওপর প্রহসন করা হয়েছে। তারেক রহমান বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করছে। তার স্ত্রী জোবাইদা রহমান একটি স্বনামধন্য পরিবারের সন্তান তি‌নি কোনো রাজনৈতিকের সঙ্গে জড়িত নয়। কোনো সংগঠনের সঙ্গে জড়িত না। তার নামে মিথ্যা মামলা দিয়ে, বিচার করে জেলখানায় ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, এসব করে লাভ হবে না। কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা আছে তারা দেশপ্রেমী, স্বাধীনতা প্রেমী ও গণতন্ত্র প্রেমী।

এসময় নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার এবং বিএনপি যে কর্মসূচি দিবে তাতে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, কৃষকদ‌লের সা‌বেক নেতা এস কে সা‌দি, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।